আগৈলঝাড়ায় বিষপানে একজনের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:১৩

হাসপাতালে ভর্তি তিনজন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে পৃথক গ্রামে নারীসহ চারজন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুইজনকে উপজেলা ও অপর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মিল্টন সরকারের স্ত্রী সেবিকা সরকার, বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের উপেন হালদারের স্ত্রী সুভাষিণী হালদার, বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের গোবিন্দ হালদারের স্ত্রী সম্পা ও বাকাল গ্রামের হালিম মিয়ার ছেলে সাব্বির ইসলাম পারিবারিক কলহের কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে সুভাষিণী হালদারকে উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে পথেই সুভাষিণী মারা যায়। অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছে।

পাল্টাপাল্টি হামলায় আহত পাঁচ

আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে পাল্টাপাল্টি হামলায় কলেজ ছাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের খলিল হাওলাদারের সাথে একই এলাকার রুহুল আমিন হাওলাদারের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন রুহুল আমিন জোর করে বিরোধীয় জায়গায় বেড়া নির্মাণ করতে যান। এতে বাধা দেয়া হয়। এরপর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।