বিশ্ব জুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:২৭

বিশ্ব জুড়ে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গতকালই করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে গত ছয় মাসের মধ্যে বুধবার রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বুধবার ২ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখের বেশি। এর মধ্যে মারা গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার জন।

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ লাখের বেশি। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৫ হাজারের। অপরদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭০ হাজারের বেশি।

এদিকে এক সময় মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সফল বলে বিবেচিত এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় গত মার্চের পর বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত ৬ মার্চের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণ ৫০০ ছাড়িয়ে বৃহস্পতিবার ছিল ৫৮৩ জন। কিছু বিশেষজ্ঞ বলছেন, সরকার দ্রুত বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। নতুন করে আরো যে প্রায় ৬০০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে ৫৫৩ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। আবার এর মধ্যে ৭৩ শতাংশই রাজধানী সিউলে। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগী ৩২ হাজার ৩১৮। এর মধ্যে ৫১৫ জন মারা গেছেন।