মজুরির দামে মিলছে ব্লেজার-কোট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

বাণিজ্য মেলা

রফিকুল ইসলাম রবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসরে তরুণদের আগ্রহের জায়গা দখল করেছে শীতের পোশাক। রাজধানীতে শীতের প্রকোপ কম থাকলেও গরম কাপড়ের প্রতি আগ্রহের কমতি নেই। বেশি দামের কারণে যারা ব্লেজার ও কোট কিনতে পারেন না তাদের অনেকেই প্রতিবছর বাণিজ্য মেলার জন্য অপেক্ষায় থাকেন। মেলায় মধ্যবিত্ত ক্রেতারা হাল ফ্যাশনের জনপ্রিয় স্যুট, কোট ও ব্লেজার কেনার সুযোগ পান সুলভমূল্যে। 

মেলায় সব মিলিয়ে এবার কোট-ব্লেজারের ৭০টির বেশি স্টল রয়েছে। রাজধানীর নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, মিরপুর, ভাসানটেক, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান মেলায় ব্লেজারের পসরা সাজিয়ে বসেছে। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারাও দিচ্ছেন নানা মূল্যছাড়। কোট, ব্লেজার বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে ২ হাজার ৬শ টাকার মধ্যে। 

গতকাল বাণিজ্য মেলা ঘুরে স্যুট, কোট ও ব্লেজারের স্টলগুলোতে তরুণদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। ক্রেতারা দেখছেন, যাচাই-বাছাই করছেন। অনেকে দর কষাকষি করছেন, মানানসই হলে কিনে নিচ্ছেন। ক্রেতা আকৃষ্ট করতে দোকানিরা কাপড়ের গায়ে মূল্য ঝুলিয়ে রেখেছেন। ফলে ক্রেতারা নিজেদের সাধ্য মতো দাম দেখে বেছে নিচ্ছেন পছন্দের ব্লেজার। পুরুষ ক্রেতাদের পাশাপাশি নারী ক্রেতারাও ফরমাল পোশাক হিসেবে স্যুট ও ব্লেজারের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ক্রেতারা বলছেন, বাইরে থেকে একটা ব্লেজার বানাতে দর্জিকে যে মজুরি দিতে হয়, তা দিয়ে মেলা থেকে একটা ব্লেজারই কেনা যায়।

বাহারি কোট-ব্লেজারের পসরা নিয়ে মেলায় অংশ নিচ্ছে মুন সান গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ১৩শ টাকায় কোট ও ব্লেজার বিক্রি করছে। 

মেলার সুমাইয়া ফ্যাশন-১ এর বিক্রয়কর্মী সাইফুল ইসলাম জানান, তাদের কালেকশনে ১৪শ থেকে ৩ হাজার টাকায় বিভিন্ন কোয়ালিটির ব্লেজার আছে। বিক্রেতারা বলেন, মেলায় সবচে বেশি বিক্রি হচ্ছে মুজিব কোট এবং মোদী কোট। প্রতিটি কোট বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৪শ টাকায়। 

তামিম জোশ নামের একটি স্টলে গিয়ে দেখা যায়, ১২শ থেকে ১৫শ টাকার মধ্যে মোদী কোট কিনতে পাওয়া যাচ্ছে। আর মুজিব কোট বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ টাকার মধ্যে। ব্লেজার বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। তবে উন্নত কাপড় ও নকশার ব্লেজারগুলোর দাম রাখা হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা।

এ দিকে বিদেশি স্টলগুলোতে শীতের পোশাকেও ক্রেতার আগ্রহ ছিল লক্ষণীয়। কাশ্মীরি শাল, কম্বল, কোট, ব্লেজার, কার্ডিগ্যান, সোয়েটারসহ নানা ধরনের গরম কাপড় বিক্রির ধুম লেগেছে বাণিজ্য মেলায়। আর এ সুযোগে ক্রেতাদের আকৃষ্ট করতে ছাড়ের অফার দিচ্ছেন বিক্রেতারা। বিদেশি প্যাভেলিয়নগুলোতে বিভিন্ন দেশি শাল বিক্রি হচ্ছে দেদার। এবার মেলায় চায়না, ইন্ডিয়ান কাশ্মীরি, পাকিস্তানি কাশ্মীরি ও বাংলাদেশি শাল বেশি বিক্রি হচ্ছে। দামে সস্তা ও বেশ পাতলা বলে চায়না শালের চাহিদা রয়েছে। চায়না শালের দাম ২শ থেকে ৩শ টাকা, ইন্ডিয়ান কাশ্মীরি শাল ৬শ থেকে আড়াই হাজার টাকা, নেপালি শাল ৬শ থেকে ১২শ টাকা, বাংলাদেশি মণিপুরি শাল ৩শ টাকা, খাদি শাল ২শ টাকায় বিক্রি হচ্ছে।