মো. শাহাদাত হোসেন নিশাদ
করোনাকালীন সময়ে বিশ্ব অর্থনীতি সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। হিমশিম খাচ্ছে অর্থনীতির শীর্ষে থাকা দেশগুলো। তবে এই অর্থনৈতিক ক্ষতিকে অনেক দূরদর্শিতায় মোকাবিলা করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। শুধু তাই নয়, করোনার তাণ্ডবে যখন পুরো বিশ্ব দিশেহারা সেখানে ভিয়েতনামে মাত্র ৩৫ নাগরিকের করোনায় মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৮ জন। শুধু তাই নয়, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনেও সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। আইএমএফ বলছে, চলতি বছর ভিয়েতনামের জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ হবে বলে ধরা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাটি বলছে, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা ও অর্থনৈতিক পতনরোধে দেশটির নেওয়া পদক্ষেপগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। আইএমএফ বলছে, সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আগামী বছর শক্তভাবে ঘুরে দাঁড়াবে ভিয়েতনামের অর্থনীতি। করোনার কারণে এশিয়া মহাদেশের দেশগুলোতে চলতি বছর প্রবৃদ্ধি অর্জনের গতি কমে এসেছে এবং পর্যটন খাতও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কিন্তু ভিয়েতনামে অর্থনৈতিক ধস নামেনি।
