ইত্তেফাক রিপোর্ট
‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ ২০১৯’ এ অংশ নিচ্ছেন বাংলাদেশের ১৩জন আলোকচিত্রী। আগামী ৮ এপ্রিল নরওয়ের ড্রাম্মেন শহরে অনুষ্ঠিত হবে এ উত্সব। পোট্রেইট, কমার্শিয়াল, ফটোজার্নালিজম, ন্যাচার, ডিজিটাল আর্ট এবং ওয়েডিং এ ৬টি ক্যাটাগরির ছবি নিয়ে উত্সবে অংশ নিচ্ছেন বাংলাদেশের আলোকচিত্রীরা। জমাকৃত তিন হাজার পাঁচশত ছবি থেকে প্রতিযোগিতার মাধ্যমে একশত দশটি ছবি স্থান পাচ্ছে এই উত্সবে। প্রতিযোগিতার বাছাই পর্ব ‘বাংলাদেশ ফটোগ্রাফারস অ্যাওয়ার্ডস ২০১৯’ এর সমাপনী দিনে গতকাল বুধবার দৃক গ্যালারিতে বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া ১৩ প্রতিযোগির নাম ঘোষণা করা হয়।
বাছাইকৃত প্রতিযোগিরা হলেন- কমার্শিয়াল ক্যাটাগরিতে আরিফ রাজ, আবেদ ও সিফাত পাঠান, ডিজিটাল আর্ট ক্যাটাগরিতে রেজওয়ানা সামী, ন্যাচার ক্যাটাগরিতে নাফিউল নিটোল, হিমেল আবির, নুবায়েত হাসান প্রত্যয়, পোট্রেইট ক্যাটাগরিতে মো. নাহিদ আজিজ ও মিয়াদ মাসুদ, ফটোজার্নালিজম ক্যাটাগরিতে মো. খাইরুল ইসলাম, ওয়েডিং ক্যাটাগরিতে অপু, শাহরিয়ার নবী নেওয়াজ ও রাজন কে. দে। ১৩ জনের দলটির প্রধানের ভূমিকা পালন করবেন প্রফেশনাল ফটোগ্রাফার অ্যাফিলিয়েশন বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাহমুদ হাসান শুভ। বাংলাদেশসহ বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের আলোকচিত্রী অংশগ্রহণ করছে এবারের উত্সবে।
