চার ম্যাচে ১২ ‘ডাক’!

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম দিনে দুটি ম্যাচই ছিল শেষ ওভারের রোমাঞ্চে ভরা। দ্বিতীয় দিনে অবশ্য মাঠের লড়াই জমেনি। তবে টুর্নামেন্টে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে, ব্যাটসম্যানদের ‘ডাক’ তথা শূন্য রানে আউট হওয়ার মিছিল। গত চার ম্যাচে ১২ জন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগে। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়েছেন চার ব্যাটসম্যান।

ঢাকা-রাজশাহীর উদ্বোধনী ম্যাচে রাজশাহীর চার ব্যাটসম্যান ফেরেন ‘ডাক’ মেরে। তারা হলেন—ফজলে রাব্বি ০ (০), আরাফাত সানি ০ (১) ও মুকিদুল ইসলাম ০ (৩)। পরের ম্যাচে বরিশালের মেহেদী মিরাজ ০ (১), সুমন খান ০ (২), খুলনার ইমরুল কায়েস ০ (২) শূন্য রানে আউট হন। দ্বিতীয় দিনে খুলনা-রাজশাহীর ম্যাচে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ডাক মারেন খুলনার ইমরুল ০ (৩)। টুর্নামেন্টে দুই ম্যাচ খেললেও তার নামের পাশে কোনো রান যোগ হয়নি।

পরের ম্যাচে ঢাকার পাঁচ ব্যাটসম্যানকে খালি হাতে ফেরায় চট্টগ্রামের বোলাররা। মুশফিকুর রহিম প্রথম বলে ফিরলেও সাব্বির রহমান ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এছাড়া আবু হায়দার রনি ০ (২), রুবেল হোসেন ০ (৩), মেহেদী হাসান রানা ০ (২) শূন্য রানে আউট হন।