নোয়াখালী প্রতিনিধি
জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারায় চরজব্বার থানার ওসি মোঃ নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চত করে জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে চর জব্বার থানা থেকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সাথে তার স্থলে সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সাহেদ উদ্দিনকে পদায়ন করা হয়েছে।
