ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুয়িকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম পানীয় কোম্পানি পেপসিকোর সাবেক নির্বাহী কর্মকর্তা নুয়িকে বিশ্বব্যাংকের প্রধান বেছে নেওয়ার ব্যাপারে এবার বড় ভূমিকা নিয়েছেন ইভাঙ্কা। এক টুইট বার্তায় তিনি এই ইঙ্গিত দিয়ে বলেছেন, নুয়ি বিশ্বস্ত পরামর্শদাতা এবং অনুপ্রেরণা।
বিশ্বব্যাংকের বর্তমান প্রধান জিম ইয়ং কিম এ মাসের শুরুর দিকে জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করবেন। একটি বেসরকারি অবকাঠামো বিনিয়োগ সংস্থায় যোগ দেবেন কিম। এ ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিশ্বব্যাংকের পরবর্তী প্রধান বেছে নেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় এতদিন জড়িত ছিলেন মার্কিন ট্রেজারি মন্ত্রী স্টিভেন মনচিন ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মিক মালভ্যানি। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ইভাঙ্কাও ওই কমিটির সদস্য হয়েছেন। ইতোমধ্যে এই কমিটি প্রাথমিকভাবে বেছে নেওয়া প্রার্থীদের সাক্ষাত্কার নিতে শুরু করেছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন নুয়িকে বেছে নিলেও তিনি ওই পদে দায়িত্ব নিতে রাজি হবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
