ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে একযোগে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকাস্থ বিয়াকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারক অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অথবা বাংলাদেশের বাইরে কোনো বাংলাদেশি নাগরিক বা ব্যবসায়ীর অন্য দেশের নাগরিক বা ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্য বিষয়ক বিরোধের সৃষ্টি হলে, ঢাকা চেম্বার বিষয়টির বিকল্প নিষ্পত্তি অথবা মধ্যস্থতার জন্য বিয়াকের সঙ্গে যোগাযোগের সুপারিশ করবে। এছাড়াও মধ্যস্থতা এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে দুটো প্রতিষ্ঠানই প্রযুক্তিগত, প্রায়োগিক ও কৌশলগত সহযোগিতা বিনিময় করবে। এর পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের কার্যক্রমকে আরো সুপরিচিত করে তোলার লক্ষ্যে ঢাকা চেম্বার এবং বিয়াক যৌথভাবে সেমিনার, কর্মশালা, আলোচনাসভা, প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবে। ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত মহাসচিব আফসারুল আরিফিন এবং বিয়াকের পরিচালক এম এ আকমল হোসেন আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এ (রুমি) আলী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া (এডিআর) একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রক্রিয়া, যার মাধ্যমে স্বল্প খরচে, অত্যন্ত গোপনীয়তা ও নিরপেক্ষতার সঙ্গে দুই পক্ষেরই স্বার্থ সংরক্ষণ করে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে। তিনি ঢাকা চেম্বারের সদস্যদের মধ্যে অথবা অন্য যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান বাণিজ্য বিরোধ থেকে থাকলে, বিয়াকের বিরোধ নিষ্পত্তি সেবা গ্রহণের আহ্বান জানান। এ সময় ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যথেষ্ট উপকৃত হবে।
