মনোনয়ন ফরম ক্রয়ের হিড়িক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৫৫

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয়ের হিড়িক পড়েছে। রীতিমতো উত্সাহ-উদ্দীপনা ও উত্সবমুখর পরিবেশে গত দুই দিনের মোট ১০৫৭টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২৫০টি মনোনয়নের আবেদনপত্র জমা পড়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নের আবেদন বিতরণ করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা  আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমানকে মনোনয়নের আবেদনপত্র দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। মনোনয়নের আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার ৯ জন হিজড়াও আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। অথচ সংবিধান অনুযায়ী তারা মনোনয়ন পাওয়ার অযোগ্য। বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯টি আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি (জাপা) ৪টি, বিএনপি ১টি, স্বতন্ত্র ও অন্যান্য দুটি সংরক্ষিত আসন পেতে পারে।

জানা গেছে, আওয়ামী লীগ এবার ২৫টি জেলা পর্যায়ের নারী নেত্রীদের মূল্যায়ন করতে চায়। এমন ইঙ্গিত পেয়েই জেলা ও উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবারের মানোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য থাকলেও একাদশে নির্বাচনে অনেকেই মনোনয়ন পাননি। তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে।

গতকাল আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেত্রীরা হলেন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি,  মমতা হেনা লাভলী, খালেদা আকতার রোজী, ওয়াশিকা আয়েশা খানম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, রাজিয়া মুস্তফা, হামিদা আকতার মিতা, শামীমা সুলতানা ঝর্ণা, গুলশান আরা বেগম, তসলিমা হক, জেসমিন শামীমা নিঝুম, মাহবুবা বেগম, ফেরদৌসী সাঈদ তীথি, নার্গিস আকতার নীলা, সুপ্রিয়া সুলতানা কেয়া, রাশিদা বেগম, মোছা. শামসুন নাহার, রেবেকা সুলতানা, শাহীনা জেসমিন, শওকত আরা বেগম, আলেয়া বেগম, তানিয়া হক শোভা, রোকসানা পারভীন, সৈয়দা সাদিয়া সুলতানা, রওশন আরা বেওয়া, আমিনা আকতার প্রমুখ। এদিকে অভিনয় শিল্পীদের মধ্যে ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস, তারিন, শমী কায়সার ও  রোকেয়া প্রাচী।