আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। ইতিহাস বিকৃত করা যায় না, যারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপপ্রয়াস চালায় তাদের উদ্দেশ্যে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ইতিহাস বিকৃতিকারীরা একদিন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন।
গতকাল শনিবার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্য পরিবেশনে কখনো পিছপা হবেন না।
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম, ব্রা?হ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা অনুষ্ঠান সঞ্চালনা করেন। দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে আহ্বায়ক করে কসবা প্রেসক্লাব আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
