নাককাটির হাট বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৫

রাজারহাটের নাককাটির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ কক্ষেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান। এক বছর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও নতুন ভবন নির্মাণ করা হয়নি।

সরেজমিনে জানা গেছে, নাককাটির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৩ সালে একটি অফিসসহ চার কক্ষ বিশিষ্ট ভবন নির্মিত হয়। প্রায় দুই বছর আগে ভবনের একটি শ্রেণিকক্ষের বিভিন্ন অংশ ধসে পড়া শুরু করলে বিদ্যালয় কর্তৃপক্ষ তা পরিত্যক্ত হিসেবে তালাবদ্ধ করে রাখে। অপর শ্রেণিকক্ষ দুটিরও বিভিন্ন অংশে ধস নামায় এক বছর আগে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ পুরো ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেয়।

কিন্তু এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণ না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ কক্ষ দুটিতেই পাঠদান কার্যক্রম চালাচ্ছে। প্রচন্ড ভীতি নিয়ে ওই কক্ষে পাঠদানের কথা জানায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বপন কুমার, রবিউল ইসলাম ও শারমিন আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মন্ডল জানান, আমরা উপায়হীন হয়ে পড়েছি। নিম্নমানের ইটগুলোর উপর নতুন পলেস্তারা কিংবা মেরামতও সম্ভব না হওয়ায় ওই কক্ষেই পাঠদান করাতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণার সত্যতা স্বীকার করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে নতুন ভবন নির্মাণ করা হবে।