তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ রবির নতুন প্রযুক্তি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০০:২০

বাংলাদেশে দ্রুতই ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। এই চাহিদা মেটাতে শিগগিরই তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। সি-মিই-উই-৬ কনসোর্টিয়ামের মধ্য দিয়ে এই প্রক্রিয়ায় যুক্ত হবে দেশ। গতকাল বুধবার রবির নতুন প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধনের সময় একথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, সেবার গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। অনুষ্ঠানে ফোরজি এলটি’র মধ্য দিয়ে কথা বলার নতুন প্রযুক্তি ভিওএলটিই’র পরীক্ষামূলক উদ্বোধন করেন তিনি। বাংলাদেশে রবিই প্রথম এই সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এবং রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন রবির ভাইস প্রেসিডেন্ট (জনসংযোগ) ইকরাম কবীর। মন্ত্রী জানান, বাংলাদেশে দ্রুত ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়ছে। ২০০৮ সালে যেখানে মাত্র ৮ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হতো, সেখানে বর্তমানে ৯০০ জিবিপিএস এর বেশি ব্যবহূত হচ্ছে। দ্রুতগতিতে ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে আরো বেশি ব্যান্ডউইথ সক্ষমতা অর্জনের বিকল্প নেই। এ কারণেই বাংলাদেশ তৃতীয় আরো একটি সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার প্রকল্প নিয়েছে।

জানা গেছে, দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মিই-উই)-৬ নামে নতুন একটি সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম গঠনের আন্তর্জাতিক উদ্যোগ চলছে। বাংলাদেশ এই কনসোর্টিয়ামের মাধ্যমেই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে। এর আগে বাংলাদেশ সি-মিই-উই-৪ এবং সি-মিই-উই-৫ সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে। সূত্র জানায়, সি-মিই-উই-৬ কনসোর্টিয়াম গঠনের জন্য এর  আগে দু’টি কনসোর্টিয়ামে যেসব দেশ যুক্ত হয়েছিল তাদের মূল উদ্যেক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৮ জানুয়ারি হনুলুলু হাওয়াইতে নতুন কনসোর্টিয়াম গঠনের প্রথম বৈঠক হবে।

মোস্তাফা জব্বার মোবাইল অপারেটরদের উদ্দেশে বলেন, এখন থেকে সেবার গুণগত মান নিশ্চিত হওয়ার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। মানসম্পন্ন সেবা প্রদানে কোথায় সমস্যা তা চিহ্নিত করে সমাধান করা হবে। কিন্তু সেবার মান খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর। 

অনুষ্ঠানে রবি’র এমডি জানান, ভিওএলটিই হচ্ছে ফোরজি নেটওয়ার্কে নিরবচ্ছিন্নভাবে ভয়েস কল সেবা দেওয়ার প্রযুক্তি। এই প্রযুক্তিতে রবি নেটওয়ার্কে গ্রাহকেরা হাই ডেফিনেশন ভয়েস কল সেবা এবং দ্রুততর কল সংযোগ উপভোগ করতে পারবেন। এর ফলে ফোরজিতেই পৃথকভাবে ডাটা ও ভয়েস কল সেবা দেওয়া যায়। অর্থাত্, নতুন এই প্রযুক্তি চালু হলে ভয়েস কল এবং ইন্টারনেট সেবা ফোরজি প্রযুক্তিতেই দেওয়া সম্ভব হবে। এর ফলে ভয়েস কলের জন্য ইন্টারন্টে সংযোগও বিঘ্নিত হবে না। তিনি আরো জানান, এই প্রযুক্তিতে স্মার্টফোনে ৪০ শতাংশ ব্যাটারি খরচও কম হবে। এই প্রযুক্তি উপভোগ করতে গ্রাহকদের উপযুক্ত হ্যান্ডসেট ব্যবহার করতে হবে।