ভোট দিতে না পেরে মানুষ এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ :ফখরুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০০:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো নির্বাচন হয়নি। এটা একটা তামাশা হয়েছে, প্রহসন হয়েছে এবং এ প্রহসন একটা নিষিদ্ধ প্রহসন। এতে মানুষের অধিকারকে হত্যা করা হয়েছে। এ মহাডাকাতির নির্বাচন বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। ভোট দিতে না পেরে এখন সারাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ গণবিচ্ছিন্ন আওয়ামী লীগকে পরাজিত করতে হলে জনগণের ঐক্যের বিকল্প নেই। সেই ঐক্যের মধ্য দিয়েই বিজয় লাভ করতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর স্মরণে এক স্মরণসভায় ফখরুল এ সব কথা বলেন।

জাতীয় পার্টি (জাফর) মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব জাতীয় ঐক্যকে আরও সুসংগঠিত করা। কেউ যদি মনে করেন এককভাবে সংগ্রাম করে বিজয় লাভ করবেন তা হলে আমি মনে করবো, তিনি সঠিক বিষয়টি উপলব্ধি করতে পারছেন না। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের অধিকারকে হত্যা করেছে। কিন্তু হতাশ হওয়া যাবে না।