মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে মঙ্গলবার। তবে এবার করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে। সকালে বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এরপর বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা বন্দর দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করে। এরপর ১৯৫৪ সালের ২০ জুন চালনা থেকে সরিয়ে মোংলায় স্থানান্তর করা হয়।
