গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এক বছর বয়সি শিশু সন্তানকে হত্যার অভিযোগে গতকাল মাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশু কুলসুম গাজীপুর মহানগরীর বাসন থানার হক মার্কেট কালিপাড়া এলাকার বকুল খানের মেয়ে। সন্তান হত্যার দায়ে শিশুটির মা নাসরিন সুলতানার বিরুদ্ধে পিতা বকুল খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে নানা বিষয় নিয়ে দিনমজুর বকুল খানের সঙ্গে তার স্ত্রী নাসরিন সুলতানার পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার সকালে কুলসুমের নিথর দেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে বকুল খানের বৃদ্ধ মা। এ সময় বালিশ হাতে নিয়ে শিশুটির পাশে তার মা নাসরিন বসেছিল। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে নাসরিন কিছুদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করেছে তার মা। এ ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।
