ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:২১

প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত হচ্ছেন বিশ্বের একের পর এক গুরুত্বপূর্ণ নেতা ও তাদের পরিবারের সদস্যরা। এবার সেই তালিকায় নাম যুক্ত হলো ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের। তার স্ত্রী আনা প্লেনকোভিচের মাধ্যমেই তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সরকারের এক জন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আক্রান্ত হওয়ার দুই দিন আগে তার স্ত্রী আনা করোনা পজিটিভ শনাক্ত হন। সোমবার চিকিত্সকের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী করোনা টেস্ট করান। তাতে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।

তবে প্লেনকোভিচের হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি এখনো             সৃষ্টি হয়নি বলে তার মুখপাত্র জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শারীরিকভাবে সুস্থবোধ করছেন। তাই পরবর্তী ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায় থেকেই প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করবেন এবং চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা গ্রহণ করবেন। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোসও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াতেও করোনার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।