র ফি কু ল ই স লা ম
লাক্স তারকা ও অভিনেত্রী আলভীকে মাঝে মাঝেই কাজে বিরতি নিতে হয় তার একমাত্র কন্যার জন্য। কিন্তু এবার বিরতি শেষে বেশ ভালোভাবেই অভিনয়ে ফিরেছেন। অভিনয়ে ফিরেই আলভী চারটি নতুন ধারাবাহিকে কাজ করছেন। ধারাবাহিকগুলো হচ্ছে ফরিদুল হাসানের ‘ফরেন ভিলেজ’, কায়সার আহমেদের ‘চাঁন বিরিয়ানী’, কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’ এবং আল হাজেনের ‘মধুমতি’। এই চারটি নতুন ধারাবাহিকের মধ্যে তিনটি ধারাবাহিকের শুটিংয়ে এরইমধ্যে অংশ নিয়েছেন আলভী। চলতি মাসেই তিনি আল হাজেনের নতুন ধারাবাহিক নাটক ‘মধুমতি’র শুটিংয়ে অংশ নিবেন বলে জানিয়েছেন আলভী। অভিনয়ের পাশাপাশি আলভী দীর্ঘদিন পর উপস্থাপনায়ও ব্যস্ত হয়ে ওঠেছেন। নিয়মিত উপস্থাপনা করছেন। বাংলাভিশনের নিয়মিত রান্নার অনুষ্ঠান ‘আমাদের রান্নাঘর’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। বিরতির পর আবারও অভিনয়ে ব্যস্ত হওয়া প্রসঙ্গে আলভী বলেন, ‘২০১৮ সালের ২৫ জানুয়ারি আমার কোলজুড়ে আমার প্রথম সন্তান কন্যা আহেলী আসে। এরপর থেকে দীর্ঘ সময় তাকে নিয়েই আমার যত ব্যস্ততা ছিল। যে কারণে অভিনয়ে সময় দেওয়া একেবারেই সম্ভব হয়নি। এখন বেশকিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছি। তাই আবারও অভিনয়ে নিজেকে ব্যস্ত করে তুলেছি। নিজের মতো করেই কাজ করছি। শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশি করছি মহান আল্লাহর কাছে—যিনি আমাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুন্দর একটি জীবন দিয়েছেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় কায়সার ভাই, ফরিদুল ভাই ও আল হাজেন ভাইকে। কারণ তারাই আমাকে নিয়ে নতুন করে কাজ শুরু করেছেন। কাজে আরও বেশি নিয়মিত থাকতে পারতাম। আমার মেয়ে প্রায়ই অসুস্থ হয়ে যায় বিধায় কাজে খুব বেশি নিয়মিত থাকা যায় না।’ আলভী সর্বশেষ দুই বছর আগে ফরিদুল হাসানের সাত পর্বের ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের ‘পাত্র নির্বাচন’ খন্ড নাটকে অভিনয় করেন। সিনেমাতে কাজ করারও প্রবল আগ্রহ আছে আলভীর। তবে সেক্ষেত্রে তার বেশি আগ্রহ মুক্তিযুদ্ধের
গল্পভিত্তিক সিনেমায়।
