নতুন অধ্যায়ের অপেক্ষায়

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডে পা রাখার দীর্ঘ এক যুগ পেরিয়েছে আনুশকা শর্মার। এই সময়ের মধ্যে নিজেকে প্রথম সারির জনপ্রিয় নায়িকা হিসেবে শোবিজে প্রতিষ্ঠিত করেছেন। সুঅভিনেত্রী হিসেবে তার যেমন পরিচিতি রয়েছে তেমনিভাবে গ্ল্যামারাস নায়িকা হিসেবেও তার দারুণ কদর রয়েছে বলিউডে। গত ২০১৮ সালে সর্বশেষ তাকে ‘জিরো’ ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে শাহরুখ খানের বিপরীতে দেখা গেছে। একই বছরে তাকে ‘সানজ’, ‘সুঁই ধাগা’ এবং ‘জিরো’—তিনটি সাড়া জাগানো ছবিতে নায়িকা হিসেবে দেখা গেলেও গত বছর আনুশকার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এ বছরের শুরুর দিকে ‘আংরেজি মিডিয়াম’ ছবির একটি গানের দৃশ্যে বলিউডের অন্যান্য আরও অনেক জনপ্রিয় তারকা অভিনেত্রীর সঙ্গে স্বল্প সময়ের জন্য দেখা গেছে। মূলত গত বেশ কিছুদিন ধরে আনুশকা অভিনয় থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখে ছবি এবং ওয়েব সিরিজ প্রযোজনায় ব্যস্ত রেখেছেন। এর পাশাপাশি স্বামী বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলির ঘরণী হিসেবে সংসারের নানা কাজকর্মেও নিয়োজিত রেখেছেন। ২০১৭ সালে তার বিবাহিত জীবন শুরু হলেও আনুশকার সন্তানসম্ভবা হওয়া নিয়ে ফিসফাস শোনা গেছে অনেক। কিন্তু কোনোটিই শেষ পর্যন্ত বাস্তবে রূপ লাভ করেনি। ৩২ বছর বয়সী আনুশকা শর্মা নিজে বেশ গোছানো একজন মেয়ে। তার ক্যারিয়ার, ছবি প্রযোজনায় আসা, নিয়মিত ছবি প্রযোজনা করে যাওয়া, অভিনয়ের জন্য ছবি নির্বাচন থেকে শুরু করে জীবনসঙ্গী হিসেবে প্রেমিক বিরাট কোহলিকে বেছে নেওয়া, চমত্কার জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান আয়োজন এবং সবশেষে সুখী দাম্পত্যজীবন অব্যাহত রাখা—সবকিছুতে তার পরিকল্পনামাফিক গুছিয়ে কাজ করার মানসিকতার প্রকাশ মেলে। মাতৃত্বের আকাঙ্ক্ষা সব নারীরই থাকে। গ্ল্যামার জগতের বাসিন্দা হলেও অভিনেত্রীরা সবাই রক্তমাংসে গড়া নারী, আনুশকা শর্মাও তার নারীজন্মের সার্থকতা পূর্ণ করতে অভিনয়, ছবি প্রযোজনা, মডেলিং সংসারধর্ম পালনের পাশাপাশি সন্তানের মা হতে চলেছেন। প্রেগন্যান্সির বিভিন্ন পর্যায়ে নিজের একান্ত অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন তিনি ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি পোস্ট করাসহ দৈনন্দিন কর্মকান্ড শেয়ারের মাধ্যমে। সন্তানের মা হওয়ার ব্যাপারটি তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন। প্রেগন্যান্সির সময়টিতে নিজেকে বাড়িতে যথাসম্ভব সুরক্ষিত নিরাপদ রাখার চেষ্টা করে যাচ্ছেন। করোনা মহামারির এই দুর্যোগে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হলেও মুখে মাস্ক ব্যবহারের মাধ্যমে অন্যদের কাছ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলাফেরা করছেন। এর মধ্যে আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলাকালে দুবাইও গিয়েছিলেন আনুশকা। সেখানে স্বামী বিরাট কোহলির কাছাকাছি থাকার চেষ্টা করেছেন স্ত্রী হিসেবে। ওদিকে সন্তানসম্ভবা স্ত্রী আনুশকার প্রতি যথেষ্ট সহানুভূতিশীলতার প্রকাশ ঘটিয়েছেন বিরাট কোহলি। স্ত্রীর স্বাস্থ্য ও অনাগত সন্তানের ব্যাপারে তার অনেক মনোযোগ রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসেই আনুশকার কোলজুড়ে আসবে তার প্রথম সন্তান। অনাগত সন্তানের প্রতীক্ষায় তার সময় কাটছে এখন। বলিউডের বেশ কয়েকজন চিত্রনির্মাতা এর মধ্যে আনুশকাকে নায়িকা করে নতুন বেশ কয়েকটি সিনেমার পরিকল্পনা করেছেন। সন্তান জন্মলাভের পর কয়েক মাস অলস সময় কাটানোর ইচ্ছে নেই এই বলিউড অভিনেত্রীর। আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার তীব্র আকাঙ্খা নিয়ে ছটফট করছেন তিনি। চিত্রনির্মাতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আনুশকা। নতুন বছরের মাঝামাঝি সময়ে আবার শুটিংয়ে ফিরতে চান তিনি। সন্তানের মা হওয়ার পর আনুশকা শর্মার ফিল্মি ক্যারিয়ার কোনদিকে গড়ায়, তা দেখার জন্য সবাইকে আরও একটি বছর সময় অপেক্ষা করতে হবে!

 

 

০