স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু টি-২০ কাপে টানা তিন হারের তিক্ততা হজম করেছিল বেক্সিমকো ঢাকা। হন্যে হয়ে জয়ের খোঁজে থাকা ঢাকা শিবির অবশেষে পেয়েছে স্বস্তির পরশ। চতুর্থ ম্যাচে এসে পরম আরাধ্য জয়ের দেখা পেল মুশফিকুর রহিমের দল। মিরপুর স্টেডিয়ামে গতকাল লো স্কোরিং ম্যাচে ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা। চার ম্যাচে ঢাকার এটি প্রথম জয়। সমান ম্যাচে বরিশালের তৃতীয় হার।
পরাজয়ের বৃত্ত ভাঙার দিনে ব্যাট হাতে অনেক সংগ্রাম করেছে ঢাকা। ১০৯ রানের টার্গেট পাড়ি দিতে গিয়ে খেলেছে ১৮.৫ ওভার। ইয়াসির আলী রাব্বি ও মুশফিকের দৃঢ়তাপূর্ণ ৫৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা। ৩ উইকেটে ১০৯ রান তুলেছে দলটি। যদিও ফলাফলের মাঝে ম্যাচের ভেতরের ছবিটা স্পষ্ট নয়।
রান তাড়া করতে নেমে ৫৪ রানে ৩ উইকেট হারিয়েছিল ঢাকা। স্লো উইকেটে বরিশালের বোলাররা চেপে ধরেছিল দলটিকে। টার্গেট কম হওয়ায় রানের তাড়া ছিল না ঢাকার। অভিজ্ঞ মুশফিক, ইয়াসির ঝুঁকি নেননি। দলের জয় নিশ্চিত করেই ফিরেছেন। ৩০ বলে অপরাজিত ৪৪ রান করেন ইয়াসির। মুশফিক অপরাজিত ২৩ রান করেন।
এর আগে টসে হেরে ব্যাট করা বরিশালকে ৮ উইকেটে ১০৮ রানের বেশি তুলতে দেয়নি ঢাকা। শেরেবাংলার স্লো উইকেটে বরিশালের সর্বনাশ করেছেন অফস্পিনার রবিউল ইসলাম রবি। তামিম, সাইফ হাসান, আফিফ, পারভেজ ইমন তার শিকার হন। ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও রবিউল। বরিশালের তৌহিদ হূদয় ৩৩, তামিম ৩১, মিরাজ ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। ঢাকার শফিকুল দুটি, রুবেল-নাঈম হাসান একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২০ ওভারে ১০৮/৮। ঢাকা: ১৮.৫ ওভারে ১০৯/৩
ফল: ঢাকা ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: রবিউল ইসলাম রবি (ঢাকা)
