শীত এবং মা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২০:৪৯

ব্রত রায়

 

ঝুপ করে নেমে গেছে সূর্যটা নিচে

রোদটুকু চলে গেছে তার পিছে পিছে।

বিকেলের মরা আলো, হলদেটে আভা

দিন এত ছোট হলো যায়নি তা ভাবা।

 

ছোট ছাদ—একদিকে কিছু হয় কৃষি

এইদিকে জামাটামা, আচারের শিশি—

তাদেরও তো রোদ লাগে। রোদ উপকারী।

সন্ধ্যা নামছে ছাদে চলো তাড়াতাড়ি।

 

জামাগুলো ভিজল কি? দেরি হলো, দুরো!

মা-র হাতে কত কাজ, ভুলে ছিল পুরো।

জামা আগে তুলল মা, বড়ি তোলে শেষে।

ঠান্ডার ভাব লাগে, শীত গেল এসে?

 

তক্ষুনি ছুটল সে, পড়ে গেছে মনে

ঘরভরা আসবাব—আলমারি কোণে।

চাবি দিয়ে তড়িঘড়ি পাল্লাটা টানে

গরম কাপড় কিছু বের করে আনে।

 

সবগুলো ছোট ছোট হুডি, সোয়েটার

অন্যের সব, নয় একটাও তার।

কার কার? পরবে কে? টুনু আর মোনা

ওরা হলো আম্মুর আদরের সোনা।