ছিনিমিনি
বেহিসেবিভাবে ব্যয় করা। অনর্থক নষ্ট করা।
ছিনিমিনি নিজেই যে একটি চমত্কার খেলা এবং বালসুলভ খেলা, বড়োরা নিজের বা অন্যের জীবন নিয়ে খেলার সময় নিশ্চয় তা স্মরণ করেন না। ছিনিমিনি কথাটা এসেছে শান্ত জলাশয় বা পুকুরে ছোট ছেলেমেয়েদের এক ধরনের জলখেলা থেকে।
এই খেলায় খোলামকুচি অর্থাত্ মাটির হাঁড়িপাতিলের ভাঙা টুকরো কিংবা চ্যাপটা ঢিল পানিতে এমনভাবে ছোড়া হয় যে, তাতে তা ক্রমান্বয়ে একবার পানি ছুঁয়ে, একবার শূন্যে ভেসে ছুটতে থাকে। ইংরেজি বাক্যভঙ্গিতে এই খেলাকে play at ducks and drakes বলা হয়।
সাধারণ এই ছেলেখেলাটি বাংলা বাক্যভঙ্গিতে সমাজমনস্তাত্ত্বিক কারণে অর্থবহ হয়ে উঠেছে। অনুমিত হয়, ছোটরা সাইজমতো খোলামকুচি না পেয়ে হয়তো ভালো হাঁড়িপাতিলই ভেঙে টুকরো করে পানিতে ছিনিমিনি খেলে। সেজন্যই খেলার ছলে মূল্যবান কিছু নষ্ট করাটাই ছেলেদের হাত থেকে বড়দের মুখের ভাষায় উঠে এসেছে।
সূত্র :বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান
