চার দেশের সঙ্গে সংকট নিরসনে চেষ্টা চলছে :কাতারের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৫০

উপসাগরীয় চার দেশের সঙ্গে কাতারের কূটনৈতিক বিরোধ নিরসনের চেষ্টা হিসেবে ‘নড়াচড়া’ চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল-থানি। শুক্রবার তিনি একথা জানান। তবে শিগিগরই কোনো সাফল্য আসছে কি না তা নিয়ে কোনো আগাম ধারণা দেননি তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কয়েক বছর ধরেই কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে প্রতিবেশী চার দেশ। ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। সম্পর্ক স্বাভাবিক করতে দেওয়া হয় ১৩টি শর্ত। তবে প্রতিবেশী দেশগুলোর অভিযোগ বরাবর অস্বীকার করে শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে কাতার। হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগে বড় সাফল্য পেতে মধ্যপ্রাচ্য সংকট মেটানোর নতুন নীতি গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগ বাস্তবায়ন করতে মধ্যপ্রাচ্যে রয়েছেন ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার।

এমন পরিস্থিতিতে শুক্রবার কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল-থানি বলেন, ‘এই মুহূর্তে একটি নড়াচড়া চলছে, তা থেকে আমরা আশা করছি এই সংকটের অবসান হবে।’