করোনা :বড়দিনের ছুটিতে ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৫০

বিবিসি

বড়দিনের ছুটিতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় ইতালির এক রাজ্য থেকে আরেক রাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। এক দিনে সর্বোচ্চ ৯৯৩ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার এই ঘোষণা দিল ইতালি।

শীতে পুরো ইউরোপ জুড়েই করোনা ভাইরাসের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। কিন্তু সামনেই উত্সবের মৌসুম। লম্বা ছুটি থাকায় বড়দিনের উত্সব ও নতুন বছরকে স্বাগত জানাতে ইউরোপের বাসিন্দারা এ সময় অনুষ্ঠান আয়োজনে মেতে উঠেন, বের হন ভ্রমণে। কোভিড-১৯ মহামারির কারণে এ বছর তেমনটা হচ্ছে না। নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে লোকজনকে ক্রিসমাস ডে, বক্সিং ডে এবং নিউ ইয়ার ডেতে নিজ শহরেই অবস্থান করতে হবে। তবে এ সময় কাজের জন্য, চিকিত্সা প্রয়োজনে এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে।

ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কোন্তে বলেন, ‘ভাইরাসের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে ফেলতে পারি না। আগামী জানুয়ারিতে সংক্রমণের তৃতীয় ঢেউ আসতে পারে, যেটা প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের চেয়ে কোনো অংশ কম প্রাণঘাতী হবে না। আমাদেরকে ঝুঁকি হ্রাস করতে অবশ্যই এ জন্য প্রস্তুত হতে হবে।’

বৃহস্পতিবার ইতালিতে দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ দিন এ রোগে আক্রান্ত হয়ে ৯৯৩ জনের মৃত্যু হয়।