রাবিতে বিসিএস ফরম পূরণের নামে প্রতারণা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৯

৪০তম বিসিএস পরীক্ষার ফরম পূরণের নাম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক দোকানি। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে রাজশাহীর মতিহার থানা পুলিশ। আটককৃত ওই দোকানির নাম মোস্তফা আহমেদ মামুন।

জানা গেছে, সে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের স্পন্দন কম্পিউটার দোকানের মালিক। দীর্ঘ ১০ বছর ধরে সে তার দোকানে কম্পিউটার কম্পোজ ও ফরম ফিলাপের কাজ করে আসছে।

মোস্তফা আহমেদ মামুন জানায়, আমি ইচ্ছা করে অতিরিক্ত মুনাফা লাভের আশায় এ কাজ করেছি। আমার ভুল হয়েছে। আমি সব টাকা ফিরিয়ে দেবো। পরে প্রক্টর দপ্তরে সে নগদ ৮০ হাজার টাকা ফেরত দেয় এবং বাকি টাকা শিঘ্রই পরিশোধ করবে বলে জানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, মামুন যেটি করেছে তা গুরুতর অপরাধ। বিষয়টি নজরে না আসলে অসংখ্য শিক্ষার্থী অনিশ্চয়তায় পড়ে যেতো। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পিএসসিতে যোগাযোগ করেছি। তারা শিক্ষার্থীদের পুনরায় আবেদন করার সুযোগ দিয়েছে।

মতিহার থানার ওসি শাহাদত হোসেন বলেন, প্রক্টর দপ্তর থেকে আমরা মামুন নামে এক দোকানিকে প্রতারণার ঘটনায় আটক করেছি। সে এখন থানায় আছে। কেউ এখনও মামলা করেনি। মামলা করলে আমরা তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবো।