প্রিমিয়ার ফুটবল লিগ শুরু আজ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:১১

পেশাদার ফুটবল তথা প্রিমিয়ার ফুটবল লিগ আজ মাঠে গড়াতে যাচ্ছে। ফুটবল দুনিয়ার লিগগুলো অর্ধেকেরও বেশি হয়ে গেছে। আর বাংলাদেশে মাত্র শুরু হতে যাচ্ছে লিগ। অন্য সময় লিগের লিগ কমিটি সংবাদ সম্মেলন করত। এবার সেটা করেনি। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর হয়ত সময় নেই। গত সপ্তাহে বলা হয়েছিল লিগের স্পন্সর প্রস্তুত কিন্তু গতকাল পর্যন্ত স্পন্সরের নাম জানায়নি লিগ কমিটি। স্পন্সরের নাম ছাড়াই ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। দশ দিন আগে লিগ কমিটির চেয়ারম্যান বলেছিলেন এবার প্রিমিয়ার লিগ হতে দুটি দল নামবে এবং বিসিএল হতে ১টি দল উঠে আসবে পেশাদার লিগে। এক সপ্তাহ না যেতে সুর বদল। দুটি দল উঠবে দুটি দল নামবে। ক্লাব কর্মকর্তারা বলেন এই মানুষটির কথা আর কাজের কোথাও মিল পাবেন না কেউ।

গত বছর ১৩ জানুয়ারি লিগ শেষ হয়েছিল। প্রায় এক বছর পর লিগের এগারতম আসর শুরু হতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ ছয় ভেন্যুতে এবার লিগের খেলা হবে। ভেন্যু আরো বেশি ছিল। কিন্তু সেটা কমিয়ে আনতে আনতে শেষ পর্যন্ত ৬ ভেন্যুতে দাঁড়িয়েছে। চট্টগ্রাম আবাহনীর মতো দলও ঢাকায় ক্যাম্প করেছে। তারা নিজেদের ভেন্যু এমএ আজীজ স্টেডিয়ামে খেলতে পারছে না। চট্টগ্রাম আবাহনীর সংগঠকরা নিজেদের দলের জন্য মাঠের ব্যবস্থা করতে পারেননি। সমস্যা দেখিয়েছেন। বিনাবাক্যে সেটিও মেনে নিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান।

৬ ভেন্যুতে খেলা হবে ফিকশ্চার ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত কয়টি স্টেডিয়ামে খেলা হয় তা অনিশ্চিত। শীত মৌসুমে লিগের খেলা হওয়ার কথা থাকলেও সেটিও হয়নি। এবারও লিগের খেলা বর্ষার পানিতে ভাসবে। ক্লাবগুলোর দাবিতে ৩০ নভেম্বর খেলা শুরু হয়নি। যদি শুরু হতো, শুধু ঢাকা কেন্দ্রিক খেলা হলেও আজকের আগেই চার রাউন্ডের খেলা শেষ হতো।

লিগ নিয়ে লিগ কমিটির সুন্দর পরিকল্পনা নেই। কিভাবে লিগটাকে আকর্ষণীয় করা যায় তা নিয়ে এক সেকেন্ড সময় ভাবেনি লিগ কমিটি। দর্শক কেন আসতে চায় না। কি পরিকল্পনা করা হয়, আকর্ষণ তৈরি করা যায় না—গবেষণা নেই। ক্লাবগুলো গাঁটের পয়সা খরচা করে খেলে যাচ্ছে। পরিশ্রম করছেন কর্মকর্তারা। খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া, ক্যাম্পের বাজার খরচ যোগানো, বিদেশি খেলোয়াড়দের বেতন, তাদের কাগজ-পত্র আপটুডেট করা, অনুশীলনের মাঠের ব্যবস্থা করা। আরো কতো কাজ একেকটি ক্লাবের। কর্মকর্তারা নিজেদের ঘর সংসার পেছনে ফেলে ক্লাবের কাজ করে যাচ্ছেন, যেন লিগে ভালো কিছু করতে পারেন তারা। আর লিগ কমিটির চেয়ারম্যান সম্পদশালী সালাম মুর্শেদীর এসব কিছুই করতে হয় না। ব্রাদার্সের ফুটবল সম্পাদক আমের খান সেদিন লিগ কমিটির সভা শেষে বলছিলেন মেনে নিচ্ছি। না হলেও আরেকটি মৌসুম শেষ হয়ে যাবে।

লিগে এবার একাধিক বড় দল ট্রফির জন্য লড়বে। মোহামেডানের প্রথম খেলা রবিবার বিজেএমসির বিপক্ষে, ঢাকায়। মোহামেডান ও আবাহনী লড়াই ২৭ ফেব্রুয়ারি ঢাকায়।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম, সিলেটের সিলেট জেলা স্টেডিয়ামে লিগের খেলা হবে।

প্রিমিয়ার লিগে আজ প্রথম দিনের খেলা

আবাহনী ও নোফেল ক্লাব এবং শেখ জামাল ও বসুন্ধরা কিংস, (৩টা ৩০ ও ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।

গত লিগের পয়েন্ট তালিকা

দল               ম্যাচ       জয়      ড্র       হার     গোল         পয়েন্ট

আবাহনী             ২২        ১৬      ৪        ২        ৩৫/১৩     ৫২

শেখ জামাল         ২২        ১৪       ৫       ৩       ৪৫/২৩     ৪৭

চট্ট.আবাহনী         ২২        ১৩      ৫       ৪        ২৭/১৩     ৪৪

সাইফ এসসি       ২২        ১১       ৮       ৩       ৩০/১৬     ৪১

মোহামেডান         ২২        ৯         ৫       ৮       ৩১/২৬     ৩২

শেখ রাসেল         ২২        ৬        ৯        ৭       ২১/২১      ২৭

ব্রাদার্স                ২২        ৫        ৭       ১০     ২০/৩০     ২২

আরামবাগ           ২২        ৫        ৬       ১১      ২৫/৩৫     ২১

বিজেএমসি         ২২        ৪         ৮       ১০     ১৫/২৭     ২০

রহমতগঞ্জ            ২২        ৩        ৯        ১০     ১৯/৩০     ১৮

মুক্তিযোদ্ধা          ২২        ৫        ৩       ১৪      ১৮/৩৩     ১৮

ফরাশগঞ্জ            ২২        ৪         ৫       ১৩     ১৬/৩৫     ১৭