গত বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট দুনিয়ায় নিন্দিত চরিত্রে পরিণত হয়েছিলেন তারা দু’জন। একবছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। তারপরও অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বিপিএল খেলার খবরে ব্যাপক সাড়া পড়েছিল বাংলাদেশে। স্মিথের জন্য তো খোদ বিসিবিই বিপিএলের নিয়ম পরিবর্তন করেছিল। কয়েক সপ্তাহের ব্যবধানে গোটা দেশের আশায় গুড়েবালি। কনুইয়ের ইনজুরিতে পড়ে দুই ম্যাচ পরই স্টিভেন স্মিথের বিপিএল শেষ হয়ে গিয়েছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে থাকা স্মিথের ডানহাতে ইনজুরি ছিল। অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার পর গত মঙ্গলবার তার হাতে অস্ত্রোপচারও হয়েছে। অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
স্মিথের পর এবার ওয়ার্নারের বিপিএল মিশনেও যতিচিহ্ন বসে গেছে। ডানহাতে কনুইয়ের ইনজুরিতে ভুগছেন তিনি। গতকাল সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের খবরটা বেশ চাঞ্চল্য তৈরি করেছিল গোটা দেশে। অকস্মাত্ সিলেট সিক্সার্স এবং পুরো বাংলাদেশ জানতে পারলো ওয়ার্নারের অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২১ জানুয়ারি (সোমবার) দেশের বিমান ধরবেন গত পাঁচ ম্যাচে সিলেট সিক্সার্সের নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকেট ডট কম ডট এইউ’র প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘ডান হাতের কনুইয়ে ব্যথার কথা জানিয়েছে ডেভিড (ওয়ার্নার)। ইনজুরির তীব্রতা মূল্যায়নে আগামী ২১ জানুয়ারি অস্ট্রেলিয়া ফিরবে সে। কিন্তু ফেরার আগে বিপিএলের ম্যাচগুলো খেলবে। পরীক্ষার মাধ্যমেই তার ইনজুরির মাত্রা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
যদিও বিষয়টা নিয়ে পুরোই অন্ধকারে ছিল সিলেট সিক্সার্স। গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ওয়ার্নারের ইনজুরি সম্পর্কে তারা অবগত। তবে তিনি দেশে ফিরে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে আলোচনা করবে দলটি। পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ওয়ার্নার বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার ঘোষণা দিয়েছিল সিলেট সিক্সার্স। মজার বিষয় কয়েক ঘন্টা পর আবার সংবাদ সম্মেলন বাতিল করেছে দলটি। কারণ হিসেবে বলা হয়েছে, সংবাদ সম্মেলন করার মতো ঊর্ধ্বতন কর্মকর্তা এখন সিলেটে নেই। দলটির সিইও ইয়াসির ওবায়েদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনের কল রিসিভ করেননি। ইতোমধ্যে বিপিএলের ষষ্ঠ আসরে সিলেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন ওয়ার্নার। দলটির তার উপর নির্ভরতাও অনেক। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। পাঁচ ম্যাচে ১৪১ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের পর গত বুধবার রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ে অপরাজিত ৬১ রান করেছেন ওয়ার্নার। ওই ইনিংসে ডানহাতেও ব্যাটিং করে সিলেটের দর্শকদের বিনোদিত করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাতের এই ইনজুরি নিয়েই বিপিএল খেলতে এসেছিলেন ওয়ার্নার। তার ইচ্ছাতেই ক্রিকেট অস্ট্রেলিয়া চিকিত্সার ব্যবস্থা করছে। রংপুরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বারবার ডান হাতের ব্যথায় কুঁকড়াতে দেখা গেছে তাকে। এদিকে ওয়ার্নারের বদলি হিসেবে এখনও কারো নাম ঘোষণা করেনি সিলেট সিক্সার্স।
তবে কাউন্টি ক্লাব সারে তাদের ওয়েবসাইটে এক খবরে জানিয়েছে, বিপিএল খেলতে ঢাকায় রওনা হচ্ছেন ইংলিশ ওপেনার জ্যাসন রয়।
