১০ মাস পর স্যান্টনারের ফেরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:১৫

অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ জয় করা ভারতকে মোকাবেলা করতে আঁটসাঁট প্রস্তুতিই নিচ্ছে নিউজিল্যান্ড। এরই মধ্যে সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা। ১৪ সদস্যের ওই দলে প্রাধান্য পেয়েছেন অভিজ্ঞরাই।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ছিলেন না টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। ভারতের বিপক্ষের সিরিজে এই দুইজনকে ফেরানো হয়েছে। এছাড়া দীর্ঘ ১০ মাস পর ব্ল্যাক ক্যাপ জার্সিতে কালো জার্সিতে ডাক পেয়েছেন মিচেল সান্টনারও। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে মাঠের বাইরে রাখা হয়েছিল কেন উইলিয়ামসন ও স্পিডস্টার ট্রেন্ট বোল্টকে। তাদের দু’জনকেও ফিরিয়ে আনা হয়েছে। ফলে বলা যায়, পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষেই মাঠে নামতে হবে বিরাট কোহলির দলকে।

ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। একমাত্র টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে কিউইরা। এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপের আগে যাকে ‘অ্যাসিড টেস্ট’ বলা হচ্ছে কেন উইলিয়ামসনদের জন্য।

আইসিসি র?্যাঙ্কিংয়ে এই মুহূর্তে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। তাই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জমজমাটই হবে বলে প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। আগামী ২৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত।

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে নামার আগে আপাতত অস্ট্রেলিয়া সফরে কোহলিরা। অজিদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর তিন ওয়ানডে সিরিজে এই মুহূর্তে সমতায় দুদল। আজ শুক্রবার মেলবোর্নে সিরিজ নির্ধারণী ম্যাচ।

নিউজিল্যান্ড স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টেনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।