দুই মেরুতে দুই মাদ্রিদ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:১৬

শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে লেগানেসের কাছে পরাজয়ের বিস্বাদ গ্রহণ করেছে। তবে আগের লেগে নিজেদের মাঠে বড় জয় পাওয়ায় প্রতিপক্ষের মাঠে তাদের এক গোলের হার তাদের শেষ আটের পথে বাধা হতে পারেনি। তবে রিয়ালের মতো ভাগ্য সুপ্রসন্ন ছিলো না রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের। জিরোনার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেও এওয়ে গোলের নিয়মে শেষ ষোল থেকে ছিটকে গেছে কোচ দিয়েগো সিমিওনের দল।

চোটের কারণে এই ম্যাচে গ্যারেথ বেল, করিম বেনজেমা এবং থিবো কোর্তোয়াদের মত প্রথম একাদশের খেলোয়াড়কে পাননি রিয়াল কোচ সোলারি। রিয়ালের অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতির সুযোগ নিয়ে মুহুর্মুহু আক্রমণে তাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে লেগানেস। ৩০ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্রেথওয়েটের গোলে এগিয়েও যায় তারা। তবে প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-০ গোলে হারায় পরের রাউন্ডে যেতে হলে আরও দুই গোল প্রয়োজন ছিলো লেগানেসের। সেটি অর্জনে তারা ব্যর্থ হলে হার সত্ত্বেও কোয়ার্টারে উঠে যায় রিয়াল।

অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ জিরোনার মাঠে শেষ ষোলর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিলো। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ৩-৩ গোলে ড্র করে এওয়ে গোলের নিয়মে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে তারা।  ১২ মিনিটে নিকোলা কালিনিচের গোলে এগিয়ে গিয়েছিলো অ্যাটলেটিকোই। ৩৭ মিনিটে ভ্যালেরি ফার্নান্দেজের গোলে সমতা ফেরানো জিরোনা ৫৯ মিনিটে এগিয়ে যায় ক্রিশ্চিয়ান স্টুয়ানির লক্ষ্যভেদে। ৬৬ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। ৮৪ মিনিটে অ্যান্টোনিও গ্রীজম্যান লক্ষ্যভেদ করলে মনে হচ্ছিলো রোজিব্ল্যাঙ্কোরাই যাচ্ছে শেষ আটে। কিন্তু এর চার মিনিট পর বোরহা গার্সিয়া গোল করলে ৩-৩ গোলে ড্র করেও শেষ ষোল থেকে বিদায় নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।