স্পোর্টস রিপোর্টার
কিছুটা দেরিতে হলেও বঙ্গবন্ধু টি-২০ কাপে জেগে উঠেছে বেক্সিমকো ঢাকা। তারুণ্যনির্ভর দলটা শুরু থেকেই ব্যাটিংয়ে ভুগছিল। সর্বশেষ দুই ম্যাচে সেই ঘাটতি কাটিয়ে উঠেছে ঢাকা। মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির দুরন্ত ব্যাটিংয়ে টানা তিন হারের ধকল কাটিয়ে জয়ের রথে ফিরেছে মুশফিকুর রহিমের দল। টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ঢাকা।
শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে আজ খেলতে নামবে ঢাকা। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে জেমকন খুলনা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
টুর্নামেন্টে ঢাকা-চট্টগ্রামের প্রথম সাক্ষািট মুশফিক বাহিনীর জন্য খুবই তিক্ত অভিজ্ঞতা ছিল। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের বিরুদ্ধে আগে ব্যাট করে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে গিয়েছিল দলটি। পরে লিটন-সৌম্যর ব্যাটে ম্যাচ হেরেছিল ৯ উইকেটে। আজকের ম্যাচটি তাই ঢাকার জন্য সুযোগ প্রতিশোধ নেওয়ার। প্রতিপক্ষকে হারের স্বাদ ফিরিয়ে দেওয়ার। ব্যাটসম্যানরা রানে ফেরায় চিন্তা কিছুটা কমেছে ঢাকার। ব্যাটিংয়ে মুশফিকের পাশাপাশি ইয়াসির আলী, আকবর আলীরা রান পেয়েছেন।
তার পরও চট্টগ্রামকে থামানো ঢাকার জন্য কঠিন কর্মই হবে। টানা চার ম্যাচ জিতেছে চট্টগ্রাম। দল হিসেবে দারুণ পারফর্ম করছে। ওপেনিংয়ে লিটন-সৌম্য দলকে টানছেন। মোসাদ্দেকরা মিডল অর্ডারে রান পাচ্ছেন। মুস্তাফিজ, শরীফুল, তাইজুল, নাহিদুলরা মিলে বোলিংটা দুর্দান্ত। চট্টগ্রামের জয়রথ থামাতে হলে ঢাকাকে খেলতে হবে নিজেদের সেরাটা। মুশফিকরা আজ ২২ গজের লড়াইয়ে সেই দৃঢ়তা দেখাতে পারেন কি না, তা দেখার বিষয়।
খুলনার বিরুদ্ধে রাজশাহীর জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দুই জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে রাজশাহী। অবশ্য হারলেও গত দুই ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই করে গেছে শান্তর দল। এদিকে আজও দলটির হয়ে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের খেলা অনিশ্চিত। গতকাল দলের ম্যানেজার হান্নান সরকার বলেছেন, গোড়ালির ইনজুরি অনেকটা ভালো হলেও বিসিবির মেডিক্যাল বিভাগের নির্দেশনা, ফিট হয়ে গেলে আগামী ৮ ডিসেম্বর থেকে সাইফউদ্দিনকে পেতে পারে রাজশাহী। দুই দলের প্রথম সাক্ষাতে ৬ উইকেটে জিতেছিল রাজশাহী। টানা দুই জয় পাওয়া খুলনাও মুখিয়ে থাকবে প্রথম হারের তিক্ততা প্রতিপক্ষকে ফিরিয়ে দিতে।
আজকের খেলা
ঢাকা-চট্টগ্রাম, দুপুর ১টা ৩০ মিনিট
খুলনা-রাজশাহী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
(মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
