বসুন্ধরা ছাড়লেন কাঞ্চন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:১৬

প্রিমিয়ার ফুটবল লিগের দল বসুন্ধরা কিংসের সঙ্গে অনেক দিন জড়িয়ে ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপও খেললেন। প্রিমিয়ার লিগেও থাকবেন এমনটাই জানা ছিল। কিন্তু গতকাল কাঞ্চন জানালেন তিনি প্রিমিয়ার লিগে খেলছেন না। লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের ঢাকা সিটি এফসি নামের দলের সঙ্গে কথা পাকা করে বসুন্ধরা হতে ছাড়পত্র নিয়েছেন কাঞ্চন। কাঞ্চন বলছিলেন তিনি বসুন্ধরার কাছে কৃতজ্ঞ। তারা ছাড়পত্র দিয়েছে। বসুন্ধরা যখন চ্যাম্পিয়নশিপ লিগে খেলে তখন এই দলের খেলোয়াড় ছিলেন কাঞ্চন। ১৯৯৩ সালে দ্বিতীয় বিভাগ লিগে নাম লেখান কাঞ্চন।

ঢাকার ফুটবলের বড় মঞ্চে পা রাখেন ১৯৯৫ সালে ইয়াংমেন্সের জার্সি গায়ে। মোহামেডানে ২ বছর, আবাহনীতে ৩ বছর, মুক্তিযোদ্ধায় ১২ বছর খেলেছেন।

কাঞ্চন বলেছেন তিনি ক্যারিয়ার আরো লম্বা করতে চান। বলেছেন, ‘সুস্থ থাকলে আরো কয়েক বছর খেলতে পারব।’