টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা দল এবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় আছে। আর সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য পেসার ডেল স্টেইন এবং উইকেটরক্ষক কুইন্টন ডি কককে বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
তাদের জায়গায় প্রথম দুই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ডুয়ান ওলিভিয়ের ও এইডেন মার্করাম। এছাড়া ডি ককের ব্যাক-আপ হিসেবে উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনকে দলে রাখা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ওলিভিয়ের। ডানহাতি এই পেসার তিন টেস্ট সিরিজে ১৪ দশমিক ৭০ গড়ে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন।
জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন স্টেইন। অবশ্য পরে মাঠেও ফিরেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ২০ ওভার বল করেন স্টেইন। এ ইনিংসে যা ছিল দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের সর্বোচ্চ বোলিং।
আগামী ১৯ জানুয়ারি থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো প্রোটিয়ারা।
