বাড়ছে শীত
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে শীতের তীব্রতা বেড়েছে। ভোর ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। আর শীতের কারণে সব শ্রেণির মানুষ ভিড় করছেন এখন পুরোনো কাপড়ের দোকানে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও গরম কাপড়ের চাহিদা বেড়েছে। তবে ভিড় বেশি ফুটপাতের পুরোনো শীতবস্ত্রের দোকানেই। এদিকে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন সৈয়দপুরের মৌসুমী ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে বড় রেলঘুন্টি পর্যন্ত তিন শতাধিক মৌসুমী দোকান বসেছে। এসব ফুটপাতের প্রতিটি দোকানই এখন শীতের পোশাকে ঠাসা। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা দরের মধ্যে শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। পাশে মার্কেট থাকলেও কম দামের কারণে পুরাতন কাপড়ের দোকানের প্রতি ক্রেতাদের আগ্রহ যেন একটু বেশি। পুরোনো কাপড়ের দোকানে কাপড় কিনতে আসা বাঁশবাড়ীর সুরাইয়া বেওয়া, কাজীপাড়ার হাসনাত, বোতলাগাড়ী ইউনিয়নের কছিমুদ্দিন ও তরিকুল ইসলাম বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে এবার দাম একটু বেশি বলে মনে হচ্ছে। বিক্রেতা আরজু ও সালাম জানান, গতবারের চেয়ে এবার দাম বেশি। কারণ প্রতিটি গাইটে গড়ে ৩ হাজার করে দাম বেড়েছে। যে জ্যাকেটের গাইট ৮ হাজার ছিল সেটি আনতে হচ্ছে এখন ১১ হাজার টাকায়। এভাবে প্রতিটি গরম কাপড়ের গাইট বেশি দামে খরিদ করছি বলে খুচরাতে বাড়তি দাম থাকবেই।
