রাজশাহীতে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার মহানগরীর সোনাদীঘিসংলগ্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের সামনে এই মানববন্ধন পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সিয়াম আলীর সভাপতিত্বে মানববন্ধনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মাহমুদ দ্বীপ ও মো. রিয়াজ, এইএইচটির শিক্ষার্থী আকাশ, রাজশাহী কলেজের শিক্ষার্থী হাসান আলীসহ অন্যরা বক্তব্য দেন। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা পূর্বঘোষণা অনুযায়ী সোনাদীঘিসংলগ্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের দাবি জানান। তারা রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন।