কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে পুলিশের উপস্থিতিতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্তের মহড়া ও ভাস্কর্যের সাথে বাঁশের বেষ্টনীতে কালো পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। এরপর দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মুহূর্তের মধ্যে ওই মাইক্রোবাসেই নির্বিঘ্নে পালিয়ে যায়। এ সময় ভাস্কর্য চত্বরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী ছিল নির্বিকার।
এছাড়া দুর্বৃত্তরা শহরের প্রবেশমুখ মজমপুর গেট চত্বরে অবস্থিত সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও তার ভাই শিহাব উদ্দিন পরিচালিত ঢাকা-কুষ্টিয়া পরিবহন এসবি কাউন্টার ভাঙচুর করে। তবে ব্যাপারে দায়িত্বরত পুলিশ কোন মন্তব্য করতে রাজি হননি।
আরো পড়ুন: কারা ফটকে ছেলের সামনেই মা-বাবার বিয়ে
তবে ঘটনাস্থলে উপস্থিত র্যাব সদস্যরা স্বীকার করে জানান, ভাস্কর্য চত্বরে ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত শহরময় চলে ছাত্রলীগ কর্মীদের লাঠি উঁচিয়ে মোটরসাইকেল মহড়া।
উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়।
ইত্তেফাক/এমএএম/এএএম
