ভোটারের সংখ্যা কমছে রাজনীতিতে আগ্রহ কমছে মানুষের ----------- জি এম কাদের

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে। দিন দিন ভোটারের সংখ্যা কমছে। মানুষের আগ্রহ কমেছে রাজনীতির প্রতিও। রাজনীতির পরিবেশ না পেয়ে অনেকেই রাজনীতি থেকে ছিটকে পড়ছেন। নেতৃৃত্ব নির্বাচনে প্রজাতন্ত্রের মালিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। তিনি গতকাল শনিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে খুলানা বিভাগ জাপা আয়োজিত তৃণমূলে নেতৃত্ব নির্বাচনবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আমরা রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চাই। আমরা চাই দেশের মানুষ যেন আবারও ভোটের প্রতি আগ্রহী হয়। জাপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ আর ভোট কেন্দ্রে যায় না। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন জানিপপ চেয়ারম্যান ও বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত্ প্রমুখ।