পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিগগিরই দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে এবং যমুনা নদীর উপর আরো একটি নতুন সেতু তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। কর্ণফুলী টানেলের পর দেশের উত্তরপ্রান্তে ফুলছড়ি গ্রামে যমুনার নিচ দিয়ে দেশের দ্বিতীয় টানেল তৈরির পরিকল্পনাও ইতিমধ্যে সরকার হাতে নিয়েছেন। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের অধিভুক্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাবিকে ‘ধূমপান ও র্যাগিংমুক্ত’ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, শাবিতে ধূমপান এবং র্যাগিং শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের কোথাও প্রকাশ্য ধূমপান করতে দেখলে কিংবা র্যাগিংয়ের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। গত বছরও র্যাগিংয়ের অপরাধে বিশ্ববিদ্যালয় ২০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
