ভ্রাম্যমাণ প্রতিনিধি: হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো আকর্ষণীয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার বিলুপ্তপ্রায় এ খেলাকে সবার সামনে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। সকাল থেকে দূর-দূরান্ত থেকে ছুটে আসতে থাকে হাজার হাজার মানুষ। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিলো বাড়তি আকর্ষণ। প্রতিযোগিতায় প্রথম হয় বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি। দ্বিতীয় হয় দুর্গাপুর গ্রামের আকতার মল্লিকের গরু গাড়ি। এ প্রতিযোগিতার আয়োজক গান্না ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন মালিতা জানান, গ্রামের পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে এ আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
