দুর্নীতিমুক্ত থেকে দৃষ্টান্ত স্থাপন করুন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৩০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্য পূরণে আমাদের সকলকে কাজ করতে হবে। লক্ষ্য পূরণে সকলকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। কারণ একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি।’ মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। 

এ সময় মন্ত্রী বন বিভাগের কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ‘আপনাদেরকে প্রথমে দুর্নীতিমুক্ত হতে হবে। এই বিভাগের কর্মকর্তারা সবার আগে দৃষ্টান্ত স্থাপন করুন যে, আমরা দুর্নীতিমুক্ত আছি।’

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।