ভারতের কেরালায় শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস রচনা করা দুই নারী নিরাপত্তা চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আজ শুক্রবার তাদের আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।
মন্দিরে প্রবেশ করা কনকা দুর্গা এবং বিন্দু আম্মিনির বয়স এখনও ৫০ বছর হয়নি। উভয়ের আনুমানিক বয়স ৪০ বছর। আগে এই মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশাধিকার ছিল না। কয়েক মাস আগে ভারতের সুপ্রিম কোর্ট তাদের মন্দিরে প্রবেশাধিকারের রায় দেন। ওই রায়ের পর প্রথমবারের মতো সেখানে কোনো ঋতুমতী নারী হিসেবে প্রবেশ করে তারা ইতিহাস গড়েন। নিরাপত্তার কারণে গত দুই সপ্তাহ ধরে কেরালা সরকারের ঠিক করে দেওয়া একটি জায়গায় তারা রয়েছেন। যদিও মঙ্গলবার বাড়ি ফিরে শাশুড়ির হাতে আক্রান্ত হন কনকা দুর্গা।
পুলিশ জানিয়েছে, গত ২ জানুয়ারি ভোরে পাহাড়ঘেরা মন্দিরটিতে প্রবেশ করেন দুই নারী। ভোর পৌনে চারটা থেকে পাম্বা বেস ক্যাম্প থেকে তারা পাহাড়ে উঠতে শুরু করেন। এক পর্যায়ে পৌঁছে যান মন্দিরে। তাদের প্রবেশের পরপরই ‘শুদ্ধিকরণের’ জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়।
এই দুই নারী এর আগে গত ডিসেম্বরেও মন্দিরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বাধা পাওয়ায় তাদের ফিরে আসতে হয়। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর থেকে অনেকেই মন্দিরে প্রবেশের চেষ্টা করেছেন। যদিও বার বার খালি হাতে ফিরতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত এই দুই নারী তাদের চেষ্টায় সফলতা পেয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট জানায়, সব বয়সী নারীই শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন।
