জরিমানা না দেওয়ায় ভর্ত্সনার মুখে পড়লো জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগন। ভারতে কেন্দ্রীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে নির্ধারিত ১০০ কোটি টাকার জরিমানা ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে এনজিটির চেয়ারম্যান আদর্শকুমার গয়ালের নেতৃত্বাধীন বেঞ্চ। ভক্সওয়াগনের বিরুদ্ধে অভিযোগ, তারা দূষণ কমিয়ে দেখানোর সফটওয়্যার ব্যবহার করে ডিজেল গাড়ি বিক্রি করে। এর ফলে ভারতের বিভিন্ন শহরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর নভেম্বরে এই ঘটনায় ভক্সওয়াগনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা জরিমানা ঘোষণা করেছিল কেন্দ্রীয় পরিবেশ ট্রাইব্যুনাল। কিন্তু এ নির্দেশ না মানায় গ্রিন ট্রাইব্যুনাল আজ শুক্রবার বিকাল পাঁচটার মধ্যে এই জরিমানা দেওয়ার নির্দেশ দিল। — দ্য হিন্দু
