বাগেরহাটে নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৪০

বাগেরহাটে এখনও নেই পর্যাপ্ত ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র। ২০০৭ সালের ১৫ নভেম্বর বাগেরহাটসহ উপকূলীয় জনপদ লণ্ডভণ্ড করে দেয় সাইক্লোন সিডর। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের কথা মনে পড়লে এখনো শিউরে ওঠেন বাগেরহাটের মানুষ। ওই সময় শুধু বাগেরহাট জেলায়ই মহিলা ও শিশুসহ মারা যায় প্রায় দুই হাজার মানুষ। পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এখনও বাগেরহাটসহ উপকূলের মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন।

জানা গেছে, বাগেরহাটের নয়টি উপজেলায় প্রায় ১৫ লাখ মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়ের জন্য সরকারি বেসরকারি মিলিয়ে এখন পর্যন্ত মাত্র ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মিত হয়েছে। চলতি অর্থবছর নতুন করে আরও ১৯টি নির্মাণ করা হচ্ছে। যা চাহিদার তুলনায় খুবই নগণ্য। আর বাগেরহাটে ইতোমধ্যে যেসব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়েছে সেগুলোতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে উপকূলীয় এলাকার মানুষ।