ড্যান্স বার নিয়ন্ত্রণে মহারাষ্ট্র সরকারের কঠোর নিয়ম শিথিল করার নির্দেশ দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। এখন থেকে একই জায়গায় মদ্যপান এবং নাচ চলতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির শীর্ষ আদালত। তবে কোনো ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ডান্স বার করা যাবে না, মহারাষ্ট্র সরকারের এই আইন মুম্বাইয়ের মতো শহরের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না বলেও আদালত জানিয়েছে। এই নির্দেশে খুশি মহারাষ্ট্রের হোটেল ও রেস্তোরাঁ সংগঠনগুলো। খুশি এই পেশার সঙ্গে যুক্ত অন্যরাও। খবর আনন্দবাজার পত্রিকা
ড্যান্স বার তুলে দিতে গত ১৫ বছর ধরেই মহারাষ্ট্রে সক্রিয় একের পর এক রাজ্য সরকার। অবশ্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল মহরাষ্ট্র সরকার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ড্যান্স বারে নর্তকীর নাচে খুশি হয়ে টিপস বা উপহার দেওয়াও চলতে পারে। কিন্তু নর্তকীদের দিকে বা উদ্দেশে টাকা ওড়ানো যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
