দেশের অন্যান্য রপ্তানিখাত সরকারের প্রণোদনা পেলেও প্রচ্ছন্ন রপ্তানিকারক গার্মেন্টস এক্সেসরিজ খাত সরকারের কাছ থেকে এ ধরণের প্রণোদনা পায় না। আগামী বছর থেকে সরকারের প্রণোদনার তালিকায় গার্মেন্টস এক্সেসরিজ খাতকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্লাস্টিক ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গার্মেন্টস এক্সেসরিজ পণ্যের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিজিএপিএমইএ’র সভাপতি আব্দুল কাদের খান। চার দিনের ওই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাজমুদ হুমায়ূন।এসময় এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আব্দুল কাদের খান বলেন, বানিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সভায় এক্সেসরিজ ও প্যাকেজিং খাতকে এ সুবিধা দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, সরাসরি রপ্তানিখাত ছাড়াও কোন কোন প্রচ্ছন্ন রপ্তানিখাতও সরকারের নগদ সুবিধা পায়। কিন্তু এ খাতকে দেওয়া হয়না। এ সময় তিনি জানান, গত অর্থবছরে এক্সেসরিজ খাতের রপ্তানি দাঁড়িয়েছে ৭শ’ কোটি ডলারের উপরে। নতুন করে কমপ্লায়েন্ট (কর্মপরিবেশসম্পন্ন) এক্সেসরিজ কারখানা স্থাপন ও বিদ্যমান কারখানা স্থানান্তরে এ খাতের জন্য স্বল্প সূদে দীর্ঘমেয়াদি অর্থায়নেরও দাবি জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরিতে এক্সেসরিজ খাতের বড় সুযোগ রয়েছে। এসব খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শিগগিরই সব পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান তিনি।
প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে বিজিএপিএমইএ, এএসকে ট্রেড এন্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং জাকারিয়া ট্রেড এন্ড ফেয়ার ইন্টারন্যাশনাল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একই সময়ে ও একই ভেন্যুতে এক্সেসরিজের মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ১০ম ‘গ্যাপেক্সপো’, প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্টারন্যাশনাল এক্সপো এবং ১৮তম গার্মেন্টটেক বাংলাদেশ। ২০টি দেশের ২৭০টি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার স্টল এতে অংশ নিয়েছে।
প্রদর্শনীতে গার্মেন্টস এক্সেসরিজ, লেবেলিং, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইনক, ছাড়াও স্যুয়িং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডায়িং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং ও স্প্রেডিং মেশিনারি তুলে ধরা হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
