ফুটবল অনুশীলনে ড্রোন ক্যামেরা ব্যবহারের নজির ছিল না। এবারই প্রথম চট্টগ্রাম আবাহনীর ফুটবল অনুশীলনে ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা। ময়মনসিংহে চলছে চট্টগ্রাম আবাহনীর ফুটবল ক্যাম্প। আধুনিক অনুশীলনের জন্যই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। দলের কোচ মারুফুল হক জানিয়েছেন, আসন্ন ফুটবল মৌসুম লক্ষ্য রেখে তারা ২৬ নভেম্বর অনুশীলন শুরু করেছেন। তিনি বলেন, ‘ড্রোন ক্যামেরা ব্যবহার করছি আমরা। কারণ, খেলোয়াড়দের ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে এ ধরনের যন্ত্র কঠিন কাজ সহজ করে দেয়। অনেক দেশেই এধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।’ অনুশীলনের সময় কোচ নিজেই ড্রোন পরিচালনা করেন। বাংলাদেশে উয়েফার ‘এ’ লাইসেন্সধারী একমাত্র কোচ মারুফুল হক বলেন, ‘অনুশীলনের রেকর্ডিংটা করে নিয়ে পরে সেই ফুটেজ খেলোয়াড়দের দেখিয়ে ভুল শুধরানো হয়।’
