করোনা ভাইরাসের বিরুদ্ধে আইভারমেকটিন ওষুধের ফল আশাব্যঞ্জক বলে জানিয়েছে আইইসিডিডিআর,বি। মৃদু সংক্রমণযুক্ত রোগীদের আইভারমেকটিন প্রয়োগের পর তারা করোনা নেগেটিভ হয়েছেন।
সোমবার এক সেমিনারে এ তথ্য জানায় আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ওয়াসিফ আহমেদ খান।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় এই গবেষণা পরিচালনা করে আইসিডিডিআর,বি। রাজধানীর তিনটি হাসপাতাল থেকে ৬৮ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে এই গবেষণা পরিচালিত হয়।
গবেষণার ফলে বলা হয়, মৃদু করোনায় আক্রান্ত এসব রোগীর মধ্যে যারা পাঁচদিন ধরে আইভারমেকটিন নিয়েছেন তাদের ৭৭ শতাংশ ১৪ দিনের মাথায় করোনামুক্ত হয়েছেন।
অন্যদিকে যারা আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন নিয়েছেন তাদের ৬১ শতাংশ এবং শুধু প্লাসিডো পাওয়া ৩৯ শতাংশ রোগী করোনামুক্ত হয়েছেন।
তবে আইসিডিডিআর,বি বলছে, এটা ছোট আকারের গবেষণার ফল। বিস্তৃত পরিসরে ব্যবহার নিয়ে আরো গবেষণা প্রয়োজন। এই মুহূর্তে এটা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে না।
ইত্তেফাক/জেডএইচ
