প্রাত্যহিক জীবনে উন্নয়নের প্রভাব উপলব্ধি করেন কি?

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

বাংলাদেশ যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছে—তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনার প্রাত্যহিক জীবনে আপনি কি তা উপলব্ধি করেন? এ বিষয়ে টেলিফোন ও ই-মেইলে পাঠকের দেওয়া মতামত আজ প্রকাশিত হলো

আসলে উন্নয়ন বলতে দুটি জিনিস আমরা বুঝি। একটি বাস্তবভিত্তিক আর একটি আপেক্ষিক। সরকার যে উন্নয়নের কথা বলছে এটা বাস্তবের চেয়ে আপেক্ষিক বেশি। তারা যা করছে, তার চেয়ে বেশি বলছে। এই জিনিসটা বলে তারা বারবার মানুষকে বোঝাতে চেষ্টা করছে যে তারা খুব উন্নয়ন করেছে। আসলে নিম্ন শ্রেণির মানুষের জীবনে সেই উন্নয়নে ছোঁয়া লাগেনি। উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকেও শক্তিশালী করতে হবে।

মো. আল আমিন শেখ

শ্রীনগর, মুন্সীগঞ্জ

 

বাংলাদেশের গত কয়েক দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মধ্যবিত্তের একটা বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও যে তিনটি ভিত্তি ছিল যথাক্রমে মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায়বিচার—তা এখনো পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হয়নি। এমনকি যে মধ্যবিত্ত শ্রেণিটি নিরন্তর জীবন-সংগ্রাম করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটাও আজ এক ধরনের সংকটে নিপতিত। রাষ্ট্রে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের ফলে আর্থিক শৃঙ্খলা না থাকায় প্রাত্যহিক অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো কতিপয় নির্দিষ্ট জনগোষ্ঠীর হাতে চলে যাচ্ছে। এতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে আপামর সাধারণ মানুষ। ফলে কখনো নীরব আবার কখনো সরবে নিশ্চিতভাবে ভেঙে পড়ছে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও সংস্কৃতির ভাবধারা, ঐতিহ্য—যা আমাদের বিকশিত মধ্যবিত্তসম্পন্ন মানুষের প্রাত্যহিক জীবনের জন্য বড় আঘাত। 

অমিত বণিক

উত্তরা, ঢাকা   

প্রাত্যহিক জীবনে উন্নয়নের প্রভাব পড়বে তখনই যখন সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, আইনের শাসন, মাদক নিয়ন্ত্রণ, মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাচার বন্ধ, দুর্নীতি বন্ধ, বিচার ব্যবস্থার সংস্কার ও আয় বৈষম্য কমিয়ে আনাসহ অন্যান্য প্রাত্যহিক জীবনের বিষয়গুলো সাফল্য বয়ে আনতে পারলেই তাহলেই সামগ্রিক উন্নয়নের প্রভাব উপলব্ধি করা যাবে।

মো. খায়রুল ইসলাম (ফুল)

আরাপপুর, ঝিনাইদহ

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে প্রবৃদ্ধির বর্তমান হার আরও বাড়বে বলে আমাদের ধারণা। তবে প্রাত্যহিক জীবনের উন্নয়নের বিষয়গুলোকে সবার আগে নজরে রাখতে হবে।

হোসনে আরা করিম নীলা

হাজারীবাগ, ঢাকা

প্রাত্যহিক জীবনের উন্নয়নের প্রভাব কতটুকু হয়েছে সেটা লক্ষণীয়। বিচারবিভাগ স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে চ্যালেঞ্জ হিসেবে নেবেন বর্তমান সরকার এমনটি দেখতে চাই।

ফারুক আলম

মালিবাগ, ঢাকা

হ্যাঁ, প্রাত্যহিক জীবনে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আমরা উপলব্ধি করতে পেরেছি। আজ দেশের প্রত্যন্ত পাড়াগাঁয়ে সবশ্রেণির মানুষ ও ডিজিটাল বাংলাদেশের শিক্ষা, চিকিত্সা, কৃষি, অর্থনীতি, শিল্প ব্যবসা-বাণিজ্য, তথ্য যোগাযোগ ও সম্প্রীতি ইত্যাদি পরিমণ্ডলে দেশ-বিদেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করছে।

মো. আবুল কালাম আজাদ

সর্দার পাড়া, মুন্সীগঞ্জ

প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রভাব আমরা উপলব্ধি করছি। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে আমাদের উন্নয়ন চোখে পড়ার মতো। সেই সঙ্গে শিক্ষাখাত, স্বাস্থ্য সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য হ্রাস ইত্যাদি উল্লেখযোগ্য। তবে এই সকল উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সরকারের ঘোষণা অনুযায়ী দুর্নীতিবাজদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।

মোহাম্মদ শহীদউল্যা

হক ভিলা, মেরাদিয়া, ঢাকা

সরকারের ডিজিটাল পদক্ষেপ দৈনন্দিন জীবনকে করেছে সহজ ও সুন্দর। আজ বেকারত্ব অনেকাংশেই লাঘব হচ্ছে। বাসস্থানহীন গরিব মানুষগুলো আশ্রয় পাচ্ছে। নিরক্ষরতা ও বাল্যবিবাহ কমে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহজতর হচ্ছে। কিন্তু সড়ক ও পরিবহন ব্যবস্থার আরও সংস্কার প্রয়োজন।

সুদীপ্ত বালা (অনন)

বি.এসসি,  ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাংলাদেশে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তবে এই উন্নয়ন সার্বিকভাবে সকল শ্রেণির মানুষের মধ্যে হয়নি। আমি ঢাকা শহরে মালিকানাধীন কোম্পানিতে চাকরি করি। গত দুই বছরে আমার বেতন এক পয়সাও বৃদ্ধি পায়নি, অপর দিকে প্রতি বছর বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, গ্যাস, বিদ্যুত্সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। নির্দিষ্ট আয়ে সীমাহীন খরচ। তাহলে আমার ভাগ্যের উন্নয়ন হলো কোথায়? সার্বিকভাবে বলতে গেলে ব্যাপক উন্নয়নের পাশাপাশি অধিকাংশ মানুষের সঞ্চয়ের পরিমাণ কমে যাচ্ছে।

কামাল হোসেন

জগন্ননাথদী, ব্যাসদী গাজনা, মধুখালী, ফরিদপুর

আমি আংশিকভাবে একমত হয়ে বলতে চাই যে, উন্নতি বলতে বর্তমানের কাজ ও  ভবিষ্যতের দৃঢ়প্রত্যয়কে বোঝায়। অর্থাত্ প্রবৃদ্ধির হার বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি, কর্মসংস্থার বৃদ্ধি, শিল্পায়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ইত্যাদি ক্ষেত্রে উন্নতির প্রক্রিয়া বোঝায়। পদ্মা সেতু নির্মাণ, রামপাল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ, দুর্নীতি নিরসন, নিরক্ষরমুক্ত দেশ গড়া ইত্যাদি ক্ষেত্রে আমরা রয়েছি উন্নয়নের পথে।

সাদিয়া সুলতানা মাহি

নবম শ্রেণি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ  থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি ২০১৮ সালের ১৫ মার্চ ঘোষণা দেয়। নারী শিক্ষাকে উত্সাহিত করতে প্রাথমিক থেকে  স্নাতকোত্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি কার্যক্রম। সমাজের প্রতিটি স্তরে নারী অংশগ্রহণকে নিশ্চিত করতে গৃহীত হয়েছে নানামুখী পদক্ষেপ। আর এসবের প্রভাব আমরা আমাদের প্রাত্যহিক জীবনে উপলব্ধি করে চলেছি। 

সাবরিনা সুলতানা মিশু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজ

বাংলাদেশে উন্নত ধারার স্পর্শ এবং উন্নয়নের ফলক উন্মেচন হয়েছে মাত্র যা আমি অর্থনৈতিক ও সামাজিক ভাবে উপলব্ধি করছি। কারণ অর্থখাতের সবচেয়ে বড় বাজেট পদ্মাসেতু এবং সামাজিক খাতে ঘরে ঘরে বিদ্যুত্ তার প্রমাণ। তবে উন্নয়ন তখন পূর্ণসাফল্য বহন করবে যখন দেশে বেকারত্ব থাকবে না।

এস এম আব্দুস সামাদ

গেন্দার আলগা, উলিপুর, কুড়িগ্রাম

আমরা চাই বা না চাই, এত দিন পর্যন্ত আমাদের জীবনধারা, কাজকর্ম, চিন্তাচেতনা যেভাবে চলেছে, সেটা বদলে যেতে শুরু করেছে। এ সময়ে আমরা প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। সরকার পরিচালনা ও নীতিনির্ধারণেও ডিজিটাল বিপ্লব আনবে বড় পরিবর্তন। প্রযুক্তি বিপ্লব সরকারি সেবাকে একদিকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসবে, অন্যদিকে বিধ্বংসী মারণাস্ত্রের সহজলভ্যতা রাষ্ট্রীয় সন্ত্রাসের ঝুঁকিও বাড়াবে বলে মনে হয়।

মেনহাজুল ইসলাম তারেক

মুন্সিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর

স্বীকার করি বা না করি, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে।  গ্রামবাংলার উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ যেমন ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, ছোট ছোট রাস্তা পাকাকরণ ইত্যাদি কারণে সারা দেশে উন্নয়নের জোয়ার দেখে জনগণ অবশ্যই খুশি। বর্তমান সরকার গ্রামবাংলার কোথাও যাতে বাঁশের সাঁকো না থাকে সে জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার যে প্রকল্প গ্রহণ করেছে তাতে আমরাও খুশি।

মোছা. বিলকিছ আক্তার

সরকারি ম্যাটস ও ছাত্রীনিবাস, টাঙ্গাইল

বর্তমান সরকারের বিগত সময়ে যে যে কার্যক্রম ছিল, তা প্রশংসনীয়। তার মধ্যে হলো বিদ্যুত্ ঘরে ঘরে পৌঁছানো। এখন প্রয়োজন ঘরে ঘরে ইন্টারনেট সেবা বৃদ্ধি এবং সোলার প্ল্যানেল স্থাপন করা। আমি একজন সাধারণ মানুষের সন্তান হয়েও আমি ঘরে বসে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছি।

ডা. জামিল রহমান

গোপালপুর, টাঙ্গাইল

আগে একজনের আয়ে পুরো পরিবার চলতো এখন দুজনের আয়েও কষ্টসাধ্য জীবন যাপন করতে হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোতে এর প্রভাব পড়েনি। এটা ভাববার বিষয়।

শাহ মো. হেলালউদ্দিন হীরা

কালিহাতি, টাঙ্গাইল

এ উন্নয়নে যারা বিভিন্নভাবে ব্যক্তিগত পর্যায়ে অনুভূত হচ্ছে তারা অনেক ভালো আছে। যেমন—অনেক উন্নত হচ্ছে কিন্তু যার চাকরি নেই, তার কোনো উন্নতি নেই। তাই বেকার ভাতা চালু করা দরকার। দেশ উন্নত হলে বেকার ভাতা হবে বলে আশা করা যায়।

মাখরাজ খান

সাটুরিয়া, মানিকগঞ্জ

বাংলাদেশ যে অর্থনৈতিকও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও প্রকৃতপক্ষে সামাজিক অবস্থা এবং ব্যবস্থার যথেষ্ট অবনতি হয়েছে এবং অর্থনৈতিক সাফল্য মূলত সারা বিশ্বের অর্থনৈতিক সাফল্যের ধারাবাহিকতা মাত্র।

মো. আসির জোবায়ের খান মজলিশ

বাড়ি-৩৫/এ (তৃতীয় তলা), ধানমন্ডি

বাংলাদেশ যে  অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রায় সর্বক্ষেত্রে  যে ব্যাপক সাফল্য দেখিয়েছে সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা সাধারণ মানুষ এর সুফল দেখতে পাচ্ছি।

মো. ইফতেখার হোসেন লিটন

হাইমচর, চর ভৈরবী, চাঁদপুর

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রায় সর্বক্ষেত্রেই বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃত। তবে এ অর্জন সব দেশের সফল মানুষের কাছে প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলেনি। বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ।

বিপ্লব

উর্দু রোড, লালবাগ, ঢাকা

বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শিক্ষার হার বাড়লেও মানসম্মত শিক্ষা এখনো সেরকম হয়নি। স্বাস্থ্যসূচক ভালো, তবে তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে হবে।

এস. কে. মো. রমিজউদ্দিন

আয়কর আইনজীবী, সিঙ্গাইর, মানিকগঞ্জ

বাংলাদেশ এখন আর দুর্নীতিতে প্রথম স্থানে নেই, এখন সম্ভাবনার দেশ। তবে আমাদের প্রত্যাহিক জীবনের কিছু সমস্যা দূর করতে পারলেই আমরা সাধারণ মানুষ আরো বেশি উজ্জীবিত হবো।

আল-মায়ামী

ফুলবাড়িয়া, সাভার

বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইছে এখন। আগামিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বেগমান হবে বলে আমাদের বিশ্বাস।

শিশির

পিলখানা, ঢাকা

বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রায় অনেক ক্ষেত্রেই সাফল্যের দ্বারপ্রান্তে। তবে সামাজিক কিছু সমস্যা দূর করা একান্ত জরুরি।

সুলতানা জামান

মানিকনগর, ঢাকা

প্রত্যাহিত জীবনে উন্নয়নের প্রভাব কিছু নেতিবাচক হলেও আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রায় প্রতিটি ক্ষেত্রে এখন সাফল্য লক্ষণীয়। তবে আমরা চাই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা।

মো. রবিউল হোসেন রবি

চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার

পর্যবেক্ষণ সংস্থা, ঢাকা

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এ কথাটি কোনোভাবেই অস্বীকার করার মতো নেই। নতুন সরকার যে সমস্ত কাজের পদক্ষেপ নিয়েছেন তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রত্যাশা করি।

সুগন্ধী আক্তার

যাত্রাবাড়ী, ঢাকা