কুমিল্লায় ফুল চাষে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে কৃষি উদ্যান কেন্দ্র

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৬

কুমিল্লায় ফুল চাষে বেকার, কৃষক ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান এবং জীবিকানির্বাহসহ স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে কৃষি উদ্যান কেন্দ্র। ২০১৪ সালে আলু ও টমেটোর চারার সঙ্গে গ্রাফটিং (জোড়কলম) পদ্ধতিতে ‘পমেটো’ (পটেটো+টমেটো=পমেটো) উত্পাদন গবেষণায় চমকপ্রদ সাফল্য অর্জন করে ব্যাপক আলোচনায় আসে ওই উদ্যান কেন্দ্র। এবার তারা ফুল চাষে কর্মসংস্থানসহ স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে। গত মঙ্গলবার সরেজমিনে জানা যায়, দশ একর আয়তনের ওই উদ্যান উন্নয়ন কেন্দ্রের বিস্তীর্ণ স্থান জুড়ে রয়েছে রকমারি ফুলের অপরূপ দৃশ্য। নানা প্রজাতির ফুল লাল, নীল, বেগুনী, সাদা আর হলুদে ভরে আছে মাঠ। গোলাপ, বেলী, পাতাবাহার, হাসনাহেনা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ইনকা গাঁদা, সিলভিয়া, সিলোসিয়া, ভারবিকা, কচমচ, গ্লাডিওলাসসহ নানান প্রজাতির বাহারী ফুল।