ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কারুশিল্প পুরস্কার পেলেন দুই বাংলাদেশি বয়নশিল্পী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৮

বাংলাদেশের দুই বয়নশিল্পী পেলেন ওয়ার্ল্ড ক্রাফটস কারুশিল্প পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত বয়নশিল্পীরা হলেন—আনোয়ার হোসেন ও মোহম্মদ সজীব। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। 

গত নভেম্বরে ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল (ডব্লিউসিসি) এশিয়া প্যাসিফিক রিজিয়নের (এপিআর) পক্ষ থেকে মহামারির সময়ে সৃষ্ট উচ্চমানের কারুশিল্প পণ্যের একটি প্রতিযোগিতা আহ্বান করা হয়। কোভিড পরিস্থিতিতে কারুশিল্পীদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা সত্ত্বেও ডব্লিউসিসির সদস্য হিসেবে বেঙ্গল ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি জামদানি পণ্য প্রতিযোগিতায় উপস্থাপন করে। সেখান থেকে দেশের দুই বয়নশিল্পী জয় করে নেন এই পুরস্কার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডব্লিউসিসি নিয়োজিত তিন সদস্যের বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এশীয়-প্যাসিফিক অঞ্চলে মোট ১৯টি পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি পুরস্কার পায় বাংলাদেশ ও দুইটি পায় ভারত। কারুশিল্প পণ্যের জন্য রূপগঞ্জের বয়নশিল্পী আনোয়ার হোসেন ও মোহম্মদ সজীব যৌথভাবে দক্ষিণ এশিয়া অঞ্চলেন পুরস্কার পেয়েছেন।

গত ৫ ডিসেম্বর উজবেকিস্তানের তাশকেন্তে অনুষ্ঠিত লাইভ-স্ট্রিম এক আয়োজনে ডব্লিউসিসি-এপিআরের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিযোগিতার জন্য উপস্থাপিত পণ্য চয়ন এবং তথ্য সংগ্রহে বেঙ্গল ফাউন্ডেশনকে সহায়তা করেছে জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী পরিষদের সদস্য এস্তাম্বুল হক এবং নব ডিজাইনসের স্বত্বাধীকারী মিতিয়া সালেহ ও সিলমত চিশতি। এ মাসে এক অনলাইন অনুষ্ঠানে বয়নশিল্পী আনোয়ার হোসেন ও মোহম্মদ সজীবের হাতে ডব্লিউসিসি-এপিআর প্রদত্ত স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হবে।