ভারতে ‘রহস্যময়’ রোগে আক্রান্ত তিন শতাধিক, একজনের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:৩২

ভারতের অন্ধ্র প্রদেশে নতুন এক ‘রহস্যময়’ রোগ ছড়াতে শুরু করেছে। এ রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এ পর্যন্ত ২২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রহস্যময় এ রোগে একের পর এক ব্যক্তি আক্রান্ত হচ্ছে। ‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, সাড়ে তিনশ’ জন আক্রান্ত হয়েছে। আর ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর খবরে কমপক্ষে ৩শ জন আক্রান্ত হবার কথা বলা হয়েছে। রাজ্যের এলুরু শহরে এ রহস্যময় রোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে।

ভারতে এমন সময়ে এ রোগ ছড়াতে শুরু করল, যখন করোনা মহামারিতে ধুঁকছে দেশটি। রবিবার রাত পর্যন্ত এলুরুর হাসপাতাল থেকে মোট ১৮৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর ১৬৪ জন চিকিত্সাধীন। যিনি মারা গেছেন তার বয়স ৪৫ বছর। শনিবার ওই ব্যক্তিকে জিজিএইচ হাসপাতালে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়।

অন্ধ্র প্রদেশে করোনা রোগীর সংখ্যা ৮ লাখ। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী আল্লা কালী কৃষ্ণা শ্রীনিবাস বলেন, রহস্যময় রোগে আক্রান্ত রোগীদের সবার করোনা শনাক্তের পরীক্ষা করানো হয়েছে। কিন্তু সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। হাসপাতালের এক চিকিত্সক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, যারা অসুস্থ হয়েছেন, তাদের মধ্যে অনেকেই হঠাত্ বমি করতে শুরু করে। অনেকের চোখ জ্বলছে। এ ছাড়া কারো কারো খিঁচুনি হচ্ছে। ঘটনা তদন্তের জন্য বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল সেখানে যাচ্ছে। চিকিত্সকরা বলছেন, দূষণের কারণে এ রোগ ছড়িয়ে থাকতে পারে।